জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবিলম্বে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এ সময় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট শক্তির অপসারণ করেছি। আন্দোলনের নাম ভাঙিয়ে কেউ যদি সুবিধা আদায় করতে চায়, তাহলে শক্ত হাতে তা দমন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক সব পদে অবিলম্বে নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিপ্লব এখনো সফল হয়নি। প্রতি বিপ্লবের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যায় না। তাই আমাদের সমন্বয়ক কমিটি এখনই বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে না।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, ইতোপূর্বে ছাত্রলীগ সব যৌক্তিক আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। হলগুলোতে নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ চালু করতে হবে। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা করা হবে।




