ফাইল ছবি: রয়টার্স
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা প্রতিরোধে তিন হামলাকারীও নিহত হয়। সোমবার (১৪ অক্টোবর) জেলা সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের বন্দুকযুদ্ধের সময় ওই তিন পুলিশ নিহত হন। এক পুলিশ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়।
পুলিশের উচ্চ-পদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গি সদস্যরা। পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াই তখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সঙ্গে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন। তিনি বলেন, ‘তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।’
স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে, গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন।




