সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলা পাসপোর্ট ‘জালিয়াতি’ করে যুবলীগ নেতার জামিন, তদন্তের নির্দেশ

ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. শাহজাহানের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি করে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ নভেম্বর) অভিযোগের ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন ফেনীর জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় যুবলীগ নেতা মো. শাহজাহানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এর পর গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) পাসপোর্টে ভুয়া বহির্গমন ও আগমন সিল ব্যবহারের অভিযোগ উত্থাপন করে তার জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, আসামি পাসপোর্ট জালিয়াতি করে জামিন নিয়েছেন। তাই আদালতে তার জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার আদালতে আসামির উপস্থিতিতে এ বিষয়ে ফেনী মডেল থানার ওসিকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার পাসপোর্ট জব্দ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে এখনো কোনো আদেশ পাইনি। আদেশ পেলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here