নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। এমন ঘটনা কাম্য নয়। যেটা গতকাল ঘটেছে সেটা ভুল বোঝাবুঝি। আমাদের পূর্ণাঙ্গ তালিকা সব বিবেচনায় নিয়ে সব অংশীজনকেই ঠাঁই দেয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। গতকালেরটি ছিল শুধু আহবায়ক কমিটি।’
সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা কিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েছি।
বাকের বলেন, অভ্যুত্থানপরবর্তী সময়ে ছাত্র সংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় পেপার ওয়ার্কও করেছি। এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।
তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে সংগঠনের সব পর্যায়ে নেতৃত্ব আমরা বাছাই করবো। বিভিন্ন সংগঠনে বয়স নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এই সংগঠনে তা থাকবে না। যেমন- আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি সভাপতির বয়স হবে ২৮ বছর।
আহ্বায়ক আবু বাকের বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন; তারা ৭ বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের সংগঠনে নারীদের জন্য কমফোর্ট জোন তৈরি করা হবে। নারী নিরাপত্তায় আমরা প্র্যাকটিস করবো, সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি।




