সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

৩ জনকে জরিমানা, কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও কামরাঙ্গীরচর থানা পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তিনজনকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি চলাকালে ৭টি স্পটে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে নেওয়া ৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে অর্থদণ্ড দেন।

জরিমানা প্রদানকারীরা হলেন— বাবুল (৪৫), পিতা- আশরাফ আলী, যাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়; মামুন হোসেন (৪০), যাকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাসলিমা (৫৫), যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার। এছাড়া তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটও অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয়ই নয়, এটি জননিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে। এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ কিংবা ব্যবহারের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here