সোমবার, নভেম্বর ৯, ২০২৬
26.5 C
Dhaka

আরও পড়ুন

শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি, বদলাচ্ছে সিলেবাস ও নম্বর বণ্টন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরীক্ষাপদ্ধতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। একই সঙ্গে পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনেও।

এনটিআরসিএ সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।

প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার সময় হতে পারে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কাটা যেতে পারে শূন্য দশমিক ২৫ নম্বর। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

প্রাথমিক বাছাই পরীক্ষার সিলেবাসেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। প্রস্তাব অনুযায়ী, এ পরীক্ষার সময় হতে পারে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য থাকবে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। তিন ধাপ মিলিয়ে পরীক্ষার মোট নম্বর দাঁড়াবে ২২০।

বর্তমানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নতুন প্রস্তাব কার্যকর হলে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাঝখানে লিখিত পরীক্ষা যুক্ত হবে। এতে প্রার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের জন্য আলাদা মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

পরীক্ষার নাম ও নিয়োগপ্রক্রিয়াতেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের পরিবর্তে সরাসরি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানা গেছে। নতুন ব্যবস্থায় শুধু নিবন্ধন সনদের যোগ্যতা যাচাই নয়, পরীক্ষার মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে প্রস্তাবিত পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও নম্বর বণ্টন এখনো চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা প্রকাশ করা হবে। ফলে পরীক্ষার তারিখ, আবেদনপ্রক্রিয়া এবং চূড়ান্ত সিলেবাস জানতে এনটিআরসিএর বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। ২০২৪ সালের মার্চে ওই পরীক্ষার প্রিলিমিনারি ধাপ অনুষ্ঠিত হয়। এরপর নতুন নিয়োগ পরীক্ষা নিয়ে অপেক্ষায় রয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here