রবিবার, নভেম্বর ৮, ২০২৬
26.5 C
Dhaka

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর নির্দেশ

২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং নিবন্ধনধারী শিক্ষকদের দ্রুত নিয়োগের সুপারিশ করেছে কমিটি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে এ বিষয়ে প্রবিধানমালা তৈরির তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগ সম্পন্ন করার সুপারিশ জানানো হয়। বিশেষ করে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়টি পর্যালোচনা করে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছে কমিটি। এ ক্ষেত্রে হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার তাগিদ দেওয়া হয়েছে।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের চলমান মৌখিক পরীক্ষাগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় স্থায়ী কমিটি নিজস্ব উদ্যোগে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here