মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ সরকারি গাড়িতে

সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় সরকারি গাড়িতে হর্ন বাজানো সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। এসব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে, এজন্য তাকে শাস্তি পেতে হবে।

এ বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। শব্দদূষণের ক্ষতিকর প্রভাবে ঢাকাসহ সারাদেশের বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‌‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ হালনাগাদ করে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে।

এ বিধিমালার ৬ নম্বর বিধিতে ‘যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ’ উল্লেখ রয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় যানবাহনের হর্ন বাজালে ট্রাফিক সার্জেন্ট কর্তৃক তাৎক্ষণিক জরিমানা করার বিধানও যুক্ত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়কে চলাচলকারী যানবাহনের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি যানবাহন। এসব যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ হলে শব্দদূষণ সীমিত করা সম্ভব হবে। সরকারি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা, জনসচেতনতা ও পরিবেশবান্ধব আচরণের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।

এ লক্ষ্যে সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

পরিবহণ পুলসহ সব সরকারি যানবাহন নিয়ন্ত্রণকারী ও ব্যবহারকারী কর্মকর্তাদের তাদের নিয়ন্ত্রণাধীন সব চালককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষত নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে তা ব্যক্তিগত দায় হিসেবে পরিগণিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here