মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ভাইরাল ভিডিওতে দেখা যাওয়ার পর সুনামগঞ্জে আ. লীগ নেতা তারা মিয়া আটক

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত গোপন সভার ভিডিওতে সম্পৃক্ততা পাওয়ায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক এমপি রনজিত সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সীমান্ত এলাকায় আয়োজিত একটি সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ লেখা ব্যানারের এক পাশ ধরে দাঁড়িয়ে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। সঙ্গে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতাকেও ব্যানার ধরে থাকতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। পরে প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তারা মিয়াকে আটক করে। তিনি সাবেক এমপি রনজিত সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সভার ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করে সকালে সাহেববাড়ি ঘাট থেকে তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

উল্লেখ্য, সাবেক এমপি রনজিত সরকারের সীমান্ত এলাকায় কথিত এই সভার ভিডিও প্রকাশের পর থেকেই দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের গোপালটিলা এলাকায় রনজিত সরকারের বাসভবনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অগ্নিসংযোগ করে।

এদিকে সভার ভৌগোলিক অবস্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশ এবং বিজিবির পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সুনামগঞ্জ পুলিশ ও বিজিবির পক্ষ থেকে এ জেলায় এমন কোনো সভা হওয়ার তথ্য নাকচ করা হলেও সিলেটের পুলিশ সুপারের দাবি ছিল সভাটি সুনামগঞ্জ সীমান্তেই অনুষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে ভিডিওতে প্রত্যক্ষভাবে উপস্থিত থাকা আ. লীগ নেতা তারা মিয়াকে আটকের ঘটনায় সীমান্ত এলাকা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here