বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাস, মিলল বড় রিজার্ভারের সম্ভাবনা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপের গর্ত থেকে ১৫ দিন ধরে গ্যাস নির্গত হচ্ছে। একই সঙ্গে অব্যাহত রয়েছে আগুন ও পানির প্রবাহ। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘটনাস্থলের নিচে বড় গ্যাসের রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাব্য গ্যাসের মজুতের প্রকৃত পরিমাণ ও বাণিজ্যিক উপযোগিতা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নয় সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে দলের সদস্যরা গ্যাসের প্রবাহ ও স্থায়িত্ব নিয়ে তাঁদের পর্যবেক্ষণের কথা জানান।

প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন ধরে গ্যাস নির্গমনের স্থায়িত্ব এবং প্রবাহের চাপ পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময় দেখা গেছে, গ্যাস একই গতি ও চাপে বের হচ্ছে। এ পর্যবেক্ষণের ভিত্তিতে বিশেষজ্ঞদের ধারণা, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়; বরং ভূগর্ভে বড় গ্যাসের রিজার্ভার থাকতে পারে।

তিনি জানান, এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এরপর সেখানকার গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাপেক্সের প্রতিনিধি দলের পর্যবেক্ষণে সম্ভাব্য বড় গ্যাসের মজুতের ইঙ্গিত পাওয়া গেলেও এখনই এটিকে নিশ্চিত গ্যাসক্ষেত্র বলা যাচ্ছে না। ভূতাত্ত্বিক পরীক্ষা ও প্রয়োজনীয় অনুসন্ধান শেষ হওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন জ্বলছে এবং পানিও অনিয়ন্ত্রিতভাবে বের হচ্ছে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here