বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ভিসি কক্ষে মারামারির ঘটনায় আলোচনায় শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক, পরিবর্তন চেয়ে স্মারকলিপি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্বে উপগ্রন্থাগারিক মামদুদুর রহমানকে রাখার বিষয়ে আপত্তি জানিয়ে তাঁর পরিবর্তনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

রবিবার (৮ নভেম্বর) উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে মামদুদুর রহমানের পরিবর্তে ওই পদে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার তথ্য অনুযায়ী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে স্থায়ী কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি দপ্তর। কারণ, শিক্ষার্থীরাই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং ক্রীড়া কার্যক্রমের মূল অংশীজন। অথচ এ দপ্তরের দায়িত্বে রয়েছেন উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। খেলাধুলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ও অভিজ্ঞতা নেই। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকায় তাঁদের মনোভাব তিনি কীভাবে বুঝবেন এবং ক্রীড়া কার্যক্রমে কীভাবে সমন্বয় করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি একজন কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের সমন্বয় কতটা কার্যকর হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তাঁরা।

শিক্ষার্থীরা দাবি করেন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে ্কোন স্থায়ী নিয়োগ না থাকলেও দপ্তরটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও শারীরিক বিকাশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে এ দপ্তরের দায়িত্বে এমন কাউকে রাখা প্রয়োজন, যাঁর খেলাধুলার বিষয়ে সংশ্লিষ্টতা ও অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ক্রীড়া কার্যক্রম পরিচালনার সক্ষমতাও থাকতে হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সমস্যাগুলো বুঝে তাঁদের সঙ্গে কার্যকর সমন্বয় করতে পারবেন, এমন একজন শিক্ষককে এ দায়িত্বে দেখতে চান তাঁরা।

তাঁদের ভাষ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সবচেয়ে বেশি সংশ্লিষ্ট থাকেন শিক্ষকেরা। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি অবগত থাকেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমেও এক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ের প্রয়োজন হয়। তাই শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে শারীরিক শিক্ষা দপ্তরের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, এমন একজন শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, গত বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মামদুদুর রহমানেরও সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেন তাঁরা। তাঁদের ভাষ্য, ওই ঘটনায় দুই কর্মকর্তা আহত হন। কর্মকর্তাদের নিজেদের মধ্যেই যেখানে পারস্পরিক সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে কার্যকর সমন্বয় করবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া তাঁর আক্রমণাত্মক আচরণও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তাঁরা।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি আন্তবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো স্পষ্ট করা হয়নি। গত রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে চিঠি পাঠানো হলেও কোনো আয়োজক কমিটি গঠন করা হয়নি। এমনকি কারা প্রতিযোগিতাটি পরিচালনা করবেন কিংবা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কারা থাকবেন, সে বিষয়েও চিঠিতে কোনো নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি। নিরাপত্তাসংক্রান্ত বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত না করে এককভাবে সব কার্যক্রম পরিচালনার প্রবণতা তাঁর মধ্যে দেখা যাচ্ছে। এ ধরনের এককেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ক্রীড়া কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সমন্বয়ের সুযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান একজন কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। তবে শারীরিক শিক্ষা দপ্তরের কার্যক্রম মূলত শিক্ষার্থীকেন্দ্রিক হওয়ায় এ পদে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া অধিকতর যুক্তিসংগত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদে কোনো কর্মকর্তাকে নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন শিক্ষককে পরিচালক হিসেবে দেখতে চান।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে যুক্ত সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুরসা) সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, ‘বিষয়টি আমাদের শিক্ষার্থীদের জন্য দুঃখজনক ও উদ্বেগের। শারীরিক শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাংগঠনিকভাবে সক্রিয়, ক্রীড়ামনস্ক ও শিক্ষার্থীবান্ধব কাউকে দায়িত্ব দেওয়া উচিত। একজন কর্মকর্তা ইতোমধ্যে গ্রন্থাগারের দায়িত্বে রয়েছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন যোগ্য ব্যক্তিকে এ দপ্তরের দায়িত্বে দেখতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে শারীরিক শিক্ষা দপ্তরে শিক্ষার্থীবান্ধব ও সমন্বয়মূলক নেতৃত্ব নিশ্চিত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মুরসালিন সাকিব বলেন, ‘শারীরিক শিক্ষা দপ্তর শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ একটি জায়গা। এ দপ্তরের দায়িত্বে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন শিক্ষককে দেখতে চাই আমরা। শিক্ষার্থীদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকেন শিক্ষকেরা। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ‘আমরা নারী শিক্ষার্থীরাও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করি। তাই একজন নারী শিক্ষার্থী হিসেবে চাই, শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্বে এমন একজন শিক্ষার্থীবান্ধব ব্যক্তি থাকুন, যিনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং সবার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু সম্প্রতি কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনার কথা শুনে আমরা উদ্বিগ্ন। শিক্ষার্থীদের সামনেই যদি কর্মকর্তাদের এমন আক্রমণাত্মক আচরণ দেখা যায়, তাহলে আমাদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটা স্বাভাবিক। এ ধরনের আচরণ কোনোভাবেই ইতিবাচক নয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’

অন্যদিকে, শিক্ষার্থীদের স্মারকলিপি ও তাঁদের দাবির বিষয়ে উপগ্রন্থাগারিক এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মামদুদুর রহমান বলেন, ‘শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে, বিষয়টি আমি আজকেই জানতে পারলাম । আমরা মাঠপর্যায়ে থেকে শিক্ষার্থীবান্ধব পরিবেশে কাজ করতে চাই। তবে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে শিক্ষককেই দায়িত্ব দিতে হবে, এমন দাবির সঙ্গে আমি একমত নই। কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। সেখানে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রাসঙ্গিক নয়। এ ছাড়া শারীরিক শিক্ষা দপ্তরের আগের পরিচালক একটি কমিটি গঠন করে দিয়ে গেছেন। ওই কমিটি চলতি বছরের জন্য কার্যকর রয়েছে এবং সেই কমিটিই এ বছরের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here