ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে প্রক্টর অফিস।
শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
প্রক্টর অফিসের নির্দেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।




