শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বগুড়ায় দম্পতি গ্রেপ্তার

নওগাঁয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে প্রায় ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। বগুড়ায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাৎ করা অর্থের ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম রিপন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আবুল হাসান এবং মায়ের নাম মোছাঃ রওশন আরা বেগম। তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিও একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম (৪৪) এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শহিদুল ইসলাম রিপন ইসলামী ব্যাংকের ওই শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। তাঁর চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রাথমিক পর্যায়ে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়। এভাবে কার্ডের অনুমোদিত সীমার অতিরিক্ত লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম রিপনসহ অন্যদের আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মোঃ মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও ডিবি ইনচার্জ সরাসরি অভিযানে অংশ নেন। পরে বগুড়া সদরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, চেকবই, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্যে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে উত্তোলন করা অর্থের একটি অংশ দিয়ে তাঁরা বগুড়ায় প্রায় দেড় কোটি টাকায় জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

তবে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অর্থ স্থানান্তরের পদ্ধতি, ব্যবহৃত ব্যাংক হিসাব, কার্ডের লেনদেন এবং উদ্ধার করা আলামত পরীক্ষা করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার করা অর্থ ও অন্যান্য আলামত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here