রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, ইসির সতর্কবার্তা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবার্তায় এ বিষয়ে জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, একদল প্রতারক হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এ সময় তারা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়াতে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্র-সংক্রান্ত কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে সংস্থাটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না। ফলে এসব মাধ্যমে কেউ ইসি কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনআইডি-সংক্রান্ত যেকোনো সেবা পেতে নাগরিকদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেছে কমিশন। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রয়োজন হলে অপরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেন না করে সরাসরি নির্বাচন অফিসের মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here