সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে কক্ষে দরজা আটকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত এক কর্মচারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর কর্মচারীও মারধরের শিকার হয়েছেন।

আহতরা হলেন, হলের বি ক্যাটাগরির এমএলএসএস ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মারুফুর রহমান। ঘটনার পর ময়নুল ইসলামকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী মারুফুর রহমান বলেন, ‘ময়নুল ইসলাম প্রভোস্ট স্যারের কক্ষ থেকে আমার কক্ষে এলে তাঁকে পাশে বসতে বলি। এ সময় তাঁকে আরেকটি ফাইল দেওয়ার জন্য ডাকি। তখন রিফাত রাফি আমাদের কক্ষে এসে দরজা আটকে মারধর করেন। একপর্যায়ে আমাকেও থাপ্পড়ও দেন।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত একটি ফাইল ছিল। সেই ফাইল নিয়ে হলে ঘোরাঘুরি করা হলেও সেটি আমার বিভাগের কর্মচারীর কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক নবম ব্যাচের দুই ভাই স্বাক্ষরের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন। তাঁদের সঙ্গেও ভালো ব্যবহার করা হয়নি।’

তিনি আরও বলেন, হলের বিভিন্ন অনিয়ম ও কাজে অবহেলার অভিযোগের জবাব চাইতে সেখানে গিয়েছিলাম। তবে কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘তারা হয়তো অভিনয় করছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন আর রশিদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে জরুরি সভা ডাকা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

প্রক্টর ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি শুনে আমি হলে গিয়েছি। আহত কর্মচারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। হল প্রভোস্টকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here