বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। অন্যদিকে, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা সোয়া ৩টায় শুরু হওয়া সভা শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে আগে মাসিক মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। তা ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে এ গ্রেডের মজুরি ৫ হাজার ৭২৭ টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন সিদ্ধান্তে এ গ্রেডের মজুরি ৫ হাজার ৬৫০ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এর মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

তবে নতুন মজুরিকাঠামোর মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা তখনো চূড়ান্ত হয়নি। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বৈঠক শেষে ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের জানান, এসব বিষয় চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

সূত্রঃ BSS NEWS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here