সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন নিয়ম

সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন ব্যবস্থায় উৎসে কেটে রাখা কর আর চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হবে না। বরং বছর শেষে একজন করদাতার প্রকৃত করের সঙ্গে এই অর্থ সমন্বয় করা হবে। ফলে যাদের প্রকৃত করহার উৎসে কাটা করের চেয়ে কম, তারা আয়কর রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের প্রকৃত করহার বেশি, তাদের বাড়তি কর পরিশোধ করতে হতে পারে।

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়। আগের নিয়মে এই করকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হতো। ফলে কারও প্রকৃত করের পরিমাণ কম হলেও উৎসে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

নতুন নিয়মে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এখন সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা অর্থ অগ্রিম কর হিসেবে গণ্য হবে। বছর শেষে সব উৎসের আয় হিসাব করে প্রকৃত কর নির্ধারণ করা হবে। উৎসে কাটা অর্থের পরিমাণ প্রকৃত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। আর উৎসে কাটা অর্থ কম হলে বাকি কর পরিশোধ করতে হবে।

কারা লাভবান হবেন, কার ওপর বাড়বে করের চাপ

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার ১০ শতাংশের কম, তারা সুবিধা পেতে পারেন। কারণ, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ উৎসে কর কাটা হলেও বছর শেষে প্রকৃত কর হিসাব করে অতিরিক্ত অর্থ ফেরত চাওয়া যাবে। তবে যাদের করহার ১০ শতাংশের বেশি, তাঁদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার ওপর অতিরিক্ত করের দায় তৈরি হতে পারে।

বিষয়টি একটি উদাহরণে বোঝা যায়। ধরুন, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে এক লাখ টাকা মুনাফা পেলেন। তাঁর মুনাফা থেকে ১০ শতাংশ হারে ১০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। অন্য উৎস থেকে তাঁর আয় সাড়ে তিন লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল সাড়ে চার লাখ টাকা।

উদাহরণে দেওয়া করহারের হিসাব অনুযায়ী, প্রথম চার লাখ টাকা করমুক্ত এবং পরের ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে পাঁচ হাজার টাকা কর প্রযোজ্য। সে ক্ষেত্রে উৎসে কেটে রাখা ১০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে পাঁচ লাখ টাকা মুনাফা পেলেন। এ ক্ষেত্রে ১০ শতাংশ হারে ৫০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। পাশাপাশি বেতন বা অন্য উৎস থেকে তাঁর আয় চার লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল নয় লাখ টাকা।

উদাহরণে দেওয়া করধাপ অনুযায়ী, প্রথম চার লাখ টাকা করমুক্ত, পরের তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার এবং পরের দুই লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে আরও ৩০ হাজার টাকা কর প্রযোজ্য হবে। অর্থাৎ মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা। আগে উৎসে কাটা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাঁকে আরও ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।

অতিরিক্ত কর ফেরত পাবেন যেভাবে

নতুন ব্যবস্থায় বছর শেষে প্রকৃত করের চেয়ে বেশি অর্থ উৎসে কাটা হলে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। যেমন, কোনো ব্যক্তির সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়েছে। কিন্তু করছাড় ও অন্যান্য হিসাব সমন্বয়ের পর তাঁর প্রকৃত কর দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। সে ক্ষেত্রে অতিরিক্ত কাটা ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

তবে অতিরিক্ত অর্থ ফেরত পেতে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্নে নিজের ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে। পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটার প্রমাণপত্র জমা দিতে হবে।

বিশেষ করে যাদের মোট আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তাঁরাও অতিরিক্ত অর্থ ফেরত পেতে পারেন। এ জন্য তাঁদের টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই-বাছাই শেষে প্রাপ্য অর্থ ১২০ দিনের মধ্যে ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে।

সব মিলিয়ে নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের হিসাব ব্যক্তির প্রকৃত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে কম করহারের সঞ্চয়কারীরা অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে যাঁদের মোট আয় বেশি এবং প্রযোজ্য করহার উচ্চ, তাঁদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার কারণে বাড়তি কর পরিশোধের প্রয়োজন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here