প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, রিকশাচালক, জেলে, ফেরিওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ ঋণ নেওয়ার সুযোগ পাবেন। একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে নতুন নীতিমালা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন ও আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালায় ঋণের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত পেশার তালিকায় রয়েছেন কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকরাও এ ঋণের জন্য বিবেচিত হবেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা এবং বই-পত্রিকা বিক্রেতারাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন। ফুল, ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ তালিকায় রয়েছেন।
প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও খাবার তৈরির মতো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এবং আয়বর্ধক কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকার কারণে কোনো যোগ্য প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তহবিলের আওতায় বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন। নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীদেরও এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরাও ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। তবে এসব ঋণের ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে।
নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। এভাবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে পাবেন। দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে ঋণ পরিশোধের জন্য দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এমন হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।
বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। এরপর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচির আওতায় অর্থায়ন করতে পারবে। তবে গ্রাহকের কাছ থেকে আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়ার সুযোগ রয়েছে। গ্রাহকের সুবিধা ও ঋণের ধরন বিবেচনায় ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে।
জামানতের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত নেওয়া যাবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের সঙ্গে সম্পর্ক ও ঝুঁকি বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাও নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব অর্থ থেকে পরিশোধ করতে হবে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ
ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও এ ঋণ বিতরণ করা যাবে। তবে ঋণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত যাচাই-বাছাই ও অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পরপর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।




