সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।




