শনিবার, নভেম্বর ২১, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

আইসিজের রায়ে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষায় রোহিঙ্গারা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরের ছোট্ট ঘরে বসে মোবাইল ফোনে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেখার অপেক্ষায় ছিলেন উম্মে রুমান। দুর্বল ইন্টারনেটের কারণে সরাসরি সম্প্রচার বারবার আটকে যাচ্ছিল। পরে ফেসবুকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আদালতের রায়ের খবর দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে ছুটে গিয়ে ভাবিকে জড়িয়ে ধরেন। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু।

উম্মে রুমানের কাছে এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি। আল-জাজিরাকে তিনি বলেন, ‘আমি আনন্দাশ্রু নিয়ে এই রায় উদযাপন করেছি। কারণ এই প্রথম পুরো বিশ্ব মেনে নিল যে আমাদের ওপর কী ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা করেছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গারা স্বস্তি ও আশার বার্তা হিসেবে দেখছেন।

রায় ঘোষণার সময় কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে ছিল উত্তেজনা ও আবেগঘন পরিবেশ। কেউ মোবাইল ফোনে, কেউ ল্যাপটপে, আবার কেউ বড় পর্দায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়ে আদালতের কার্যক্রম অনুসরণ করেন। রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই শিবিরের বিভিন্ন ব্লকে শুরু হয় আলোচনা। অনেকে আনন্দে কেঁদেছেন, কেউ প্রার্থনা করেছেন, আবার কেউ দীর্ঘদিন পর নিজ দেশে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে রায় দেখছিলেন। তাঁর ভাষ্য, রায় ঘোষণার পর শিবিরের অনেক নারী কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা শুরু করেন। রেহানের মনে হয়েছে, এই রায় হয়তো একদিন তাঁদের নিজ দেশে ফেরার পথ তৈরি করবে।

রায় ঘোষণার পর অনেক রোহিঙ্গা গাম্বিয়ার ভূমিকাও স্মরণ করেছেন। পশ্চিম আফ্রিকার দেশটি রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। নির্যাতনের সরাসরি শিকার না হয়েও গণহত্যা সনদের সদস্য রাষ্ট্র হিসেবে গাম্বিয়া মামলাটি করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের এই সিদ্ধান্তকে রোহিঙ্গারা নিজেদের দুর্দশার স্বীকৃতি হিসেবে দেখছেন।

তবে আনন্দের পাশাপাশি রয়েছে বেদনা ও অনিশ্চয়তা। ২০১৭ সালের সহিংসতায় স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং দীর্ঘদিন শরণার্থীশিবিরে বসবাসের স্মৃতি রায় ঘোষণার দিনও অনেককে তাড়া করেছে। রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কাছে আদালতের স্বীকৃতি স্বস্তির হলেও তা হারিয়ে যাওয়া স্বজনদের ফিরিয়ে দিতে পারবে না। তাঁর মতো অনেকেরই প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে শুধু নির্যাতনের স্বীকৃতি নয়, বাস্তব পরিবর্তনের পথও তৈরি হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন মনে করেন, ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি বৈশ্বিক ন্যায়বিচারের ধারণাকে আরও শক্তিশালী করবে।

আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান আল-জাজিরাকে বলেন, আইসিজে গণহত্যার বিষয়টি স্বীকার করায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। তাঁর মতে, প্রত্যাবাসন চুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে মিয়ানমারের কাছ থেকে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে আরও শক্ত নিশ্চয়তা চাইতে হবে।

আইসিজের রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। তবে আদালতের রায় কার্যকর হওয়ার বিষয়টি এখনো বড় চ্যালেঞ্জ। আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে সরাসরি প্রয়োগক্ষমতা সীমিত। ফলে রায়ের পরও প্রত্যাবাসন কবে শুরু হবে, তা নিশ্চিত নয়।

রোহিঙ্গাদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা নিজ দেশে ফেরা। তাঁরা চান, নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত হোক, নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে আসুক এবং মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ তৈরি হোক। নুরুল আমিনের আশা, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু শরণার্থীদের মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাঁদের বাস্তুচ্যুত হওয়ার রাজনৈতিক কারণগুলোর সমাধানেও ভূমিকা রাখবে।

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘ সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি এনে দিয়েছে। কিন্তু তাঁদের কাছে ন্যায়বিচারের পূর্ণতা আসবে তখনই, যখন নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিয়ে নিজ ঘরে ফেরার সুযোগ তৈরি হবে।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here