রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে চালানো সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা করেছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ে বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে আদালতের এই রায়ের পরও নিজ দেশে নিরাপদে ফেরার পথ এখনো অনিশ্চিত। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তার প্রশ্ন প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া চূড়ান্ত রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। আদালতের রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও উঠে এসেছে। রোহিঙ্গাদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা এবং ক্ষতিপূরণের বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছে।
মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিপুল এই জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান ও অন্যান্য মানবিক চাহিদা পূরণে চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। ঢাকার মতে, রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো তাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া। আইসিজের রায় এ ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, প্রত্যাবাসন আগামীকাল বা খুব শিগগিরই শুরু হবে না। নিরাপদে ফেরার পথ তৈরি করতে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বহুপাক্ষিকভাবে চাপ প্রয়োগ করা হবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, অতীতের মতো এবারও প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হতে পারে। এর আগে কয়েক দফা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা হলেও তা বাস্তবায়িত হয়নি। আইসিজের রায়ে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত হওয়া মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সমর্থনপুষ্ট কর্তৃপক্ষ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কতটা সহযোগিতা করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো বলেন, আইসিজের আদেশে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদে ফেরার বিষয়টি রয়েছে। কিন্তু বাস্তবে তা ঘটার সম্ভাবনা এখনো কম। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে যে গৃহযুদ্ধ চলছে, সেটিও প্রত্যাবাসনের পথে বড় বাধা বলে মনে করেন তিনি।
অন্যদিকে শুক্রবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের রায়ে হতাশা প্রকাশ করেছে। দেশটির দাবি, সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী, গণহত্যার দায় নির্ধারণের সিদ্ধান্তটি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগ মামলার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। এর ছয় বছর পর, ২০২৩ সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও বহু মানুষ বাস্তুচ্যুত হন এবং বাংলাদেশে আশ্রয় নেন।
মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। রোহিঙ্গাদের যে এলাকায় ফিরে যাওয়ার কথা, সেই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েও নতুন বাস্তবতা তৈরি হয়েছে। গোষ্ঠীটির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে। তবে আইসিজের রায় নিয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি।
মিয়ানমার সরকার গত আগস্টে জানিয়েছিল, বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে। তবে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই প্রত্যাবাসন শুরু হবে বলে জানায় দেশটি। বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০১৭ সালের আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। বর্তমানে রাখাইনে তাঁদের সংখ্যা আনুমানিক ৬ লাখ। তাঁদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুতদের শিবিরে বসবাস করছেন।
মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশটিতে বসবাস করলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হয়নি। আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিওয়া বলেন, নাগরিকত্ব, অধিকার ও প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফিরে যাওয়া সম্ভব নয়। রাখাইনের রাজধানী সিত্তের বাস্তুচ্যুত শিবিরে থাকা রোহিঙ্গাদের অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। তাঁর মতে, সেখানে রোহিঙ্গারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, চলাফেরা ও ত্রাণের জন্য সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল এবং পাল্টা হামলার ঝুঁকিতে আছেন।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্যও বড় অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করেছে। শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের আয়-রোজগারের সুযোগ সীমিত। অন্যদিকে তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে। আইসিজের রায় প্রত্যাবাসনের পক্ষে ঢাকার কূটনৈতিক অবস্থান শক্তিশালী করলেও মিয়ানমার এবং রাখাইনের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা আরও বাড়িয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, যে রাষ্ট্রকে আদালত গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে, সেই রাষ্ট্রের সঙ্গেই প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনার প্রয়োজন দেখা দিতে পারে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে বহুপাক্ষিক প্রচেষ্টা জোরদার করবে ঢাকা। তবে শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় তহবিল সংকট বড় উদ্বেগ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রায় ৬৯ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে।
এদিকে মালয়েশিয়াতেও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চাপ বাড়ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ সেখানে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার ৪০০। শুক্রবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানান, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনায় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তবে এ ঘোষণা দেওয়া তাঁর ফেসবুক পোস্টটি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে নেওয়া হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করেনি।
বাংলাদেশের ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে বসবাসরত ২৪ বছর বয়সী মোহাম্মদ যুবায়েরের কাছে আইসিজের রায় নতুন আশার বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত তাঁকে নতুন শক্তি দিয়েছে। বিশ্ব তাদের ওপর ঘটে যাওয়া অন্যায়ের স্বীকৃতি দিক—এটাই শুধু তাঁর স্বপ্ন নয়; তিনি এমন একটি দিন দেখতে চান, যেদিন পূর্বপুরুষের মাটিতে স্বাধীনভাবে হাঁটতে পারবেন।
সূত্র: রয়টার্স,



