শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
23 C
Dhaka

আরও পড়ুন

ইউক্রেনের এফ-১৬ সচল রাখতে সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানায়। এ চুক্তির অর্থায়ন করবে বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে। এতে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি তহবিল ব্যবহার করা হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত প্যাকেজে রয়েছে কার্টিজ অ্যাকচুয়েটেড ডিভাইস ও প্রোপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস নামের বিস্ফোরকচালিত যন্ত্রাংশ, গবেষণাগারের সরঞ্জাম এবং পরিবহন সহায়তা। আগের একটি ছোট সরঞ্জাম বিক্রির চুক্তির সঙ্গে নতুন এই প্যাকেজ যুক্ত হবে। আগের চুক্তির অর্থমূল্য মার্কিন কংগ্রেসকে জানানোর জন্য নির্ধারিত সীমার নিচে ছিল।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এই বিক্রির ফলে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়বে। পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলা, নিজেদের প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এর আগে গত অক্টোবরের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রক্ষণাবেক্ষণে বিলম্ব ও প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতির কারণে ইউক্রেনের অর্ধেকের বেশি যুদ্ধবিমান অকেজো হয়ে পড়েছে। এমনকি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের তৈরি দেশটির সব যুদ্ধবিমান ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

তবে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের কথা অস্বীকার করেছেন। যদিও তাঁরা স্বীকার করেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের কিছু যন্ত্রাংশের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে প্রয়োজনের সময় এসব যন্ত্রাংশ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই উন্নত যুদ্ধবিমান সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন জানিয়ে আসছিল ইউক্রেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের চালান পায় দেশটি।

সূত্র: আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here