বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

‘এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেনের শেষ ফোন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শেষ ফোনালাপে তাঁকে ভালোবাসার কথা জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই নেতার মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও নেতানিয়াহুর প্রশংসা করে তাঁকে ‘ভালো মানুষ’ বলেছিলেন বাইডেন। তবে গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর বিষয়ে নেতানিয়াহুর প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগও তুলেছেন তিনি।

২০২৫ সালের ১৫ জানুয়ারি দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয়। বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ এবং তাঁদের শেষ কথোপকথনের একটি প্রতিলিপির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, ‘আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল। তবে জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় বন্ধু।’

এরপর নেতানিয়াহুর প্রশংসা করে বাইডেন বলেন, সবকিছু তিনি কীভাবে সামলেছেন, তা তাঁর জানা নেই। ভবিষ্যতে নিজের সামনে কোনো কঠিন পরিস্থিতি এলে নেতানিয়াহুর কথা মনে করবেন বলেও জানান তিনি। বাইডেন তাঁকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, নেতানিয়াহু যা করেছেন, তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল।

তবে শেষ ফোনালাপে এমন প্রশংসা করলেও স্মৃতিকথায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বাইডেন। বিশেষ করে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

বাইডেনের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকেই তিনি ইসরায়েলকে বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহুও বেসামরিক মানুষের প্রাণহানি ইসরায়েলের ভাবমূর্তি এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে স্বীকার করেছিলেন। কিন্তু বাইডেনের অভিযোগ, প্রতিবারই আরও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে, যাতে আরও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

স্মৃতিকথায় বাইডেন আরও লিখেছেন, নেতানিয়াহু এমন প্রতিশ্রুতি দিতেন, যা পালনের ক্ষমতা কিংবা ইচ্ছা তাঁর ছিল না। ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের পরিবর্তে নিজের রাজনৈতিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জানুয়ারি ২০২৫-এর ওই ফোনালাপটি হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি ঘোষণার দিন। দীর্ঘদিনের মতপার্থক্যের পরও বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শেষ কথোপকথনটি ছিল উষ্ণ।

সূত্র: জেরুজালেম পোস্ট,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here