রবিবার, নভেম্বর ২২, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

কংগ্রেসের প্রশ্নে হোয়াইট হাউসের অনুমতি চান ট্রাম্প

মার্কিন কংগ্রেসের সদস্যরা সরকারি কাজ বা চুক্তি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আগে হোয়াইট হাউসকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, ফেডারেল ঠিকাদার ও উপঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেসের যেকোনো তথ্য অনুরোধের বিষয়ে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। নির্দেশ অমান্য করলে সরকারি চুক্তি বাতিল বা ভবিষ্যতে চুক্তি পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো।

গত শুক্রবার (২০ নভেম্বর) ট্রাম্প এ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা তাঁর প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড ও সরকারি চুক্তি নিয়ে তদন্ত শুরু করতে পারেন—এমন পরিস্থিতিতে এ নির্দেশনা এল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আদেশে সরকারি ঠিকাদারদের কংগ্রেসের কাছ থেকে পাওয়া চলমান ও ভবিষ্যতের সব তথ্য অনুরোধের বিষয়ে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট চুক্তি প্রদানকারী সংস্থাকে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্যের জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা কোনো যোগাযোগকে ‘এক্সিকিউটিভ প্রিভিলেজ’ বা নির্বাহী বিভাগের বিশেষ গোপনীয়তার আওতাভুক্ত মনে করলে ঠিকাদারদের সে বিষয়ে দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। এ ধরনের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তি বাতিল, স্থগিত কিংবা ভবিষ্যতে সরকারি কাজ পাওয়ার অযোগ্য ঘোষণার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

হোয়াইট হাউসের যুক্তি, নির্বাহী বিভাগের সঙ্গে ঠিকাদারদের সংবেদনশীল যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমের বিষয়ে ঠিকাদারদের সঙ্গে অবাধে তথ্য আদান-প্রদান ব্যাহত হতে পারে। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, এ আদেশের মাধ্যমে কংগ্রেসের সাংবিধানিক তদারকি ক্ষমতা সীমিত করার চেষ্টা করা হচ্ছে।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি জেমি রাসকিন আদেশটিকে ‘নজিরবিহীন ও প্রকাশ্যে বেআইনি’ বলে সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, ফেডারেল ঠিকাদারদের অর্থায়ন করা হয় করদাতাদের অর্থে, প্রেসিডেন্টের ব্যক্তিগত অর্থে নয়। তাই সরকারি অর্থের অপচয়, জালিয়াতি, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কংগ্রেসের প্রশ্নের সত্য উত্তর দেওয়ার অধিকার ও দায়িত্ব ঠিকাদারদের রয়েছে।

ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন প্রকল্পের ব্যয় ও চুক্তি নিয়েও তদন্ত করতে চান। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ, লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কার এবং কেনেডি সেন্টারের পরিকল্পিত সংস্কারকাজ।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল চলতি মাসের শুরুতে কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের বিষয়ে তথ্য চেয়েছেন। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় এবং ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চান তিনি।

এ ছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দেওয়া সরকারি চুক্তিগুলোও ডেমোক্র্যাটদের তদন্তের তালিকায় রয়েছে। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য হেনরি কুয়েলার বলেছেন, হাউসের নিয়ন্ত্রণ পেলে সরকারি ব্যয়ের ওপর আরও বিস্তৃত নজরদারি চালানো সম্ভব হবে। আইসিইর বিমান কেনা এবং অভিবাসীদের নির্বাসন কার্যক্রমে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর চুক্তিও তদন্তের আওতায় আসতে পারে।

কংগ্রেসের সম্ভাব্য তদন্ত মোকাবিলায় হোয়াইট হাউস এর আগেও পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউসের আইনবিষয়ক উপদেষ্টা উইল শারফ এক মেমোতে জানান, নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিতে চাইলে তাঁকে আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে।

শারফ হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়াকে লেখা এক চিঠিতে ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে গার্সিয়া বলেছেন, কংগ্রেসের সাংবিধানিক তদারকি ক্ষমতা রয়েছে এবং প্রশাসনের অপচয়, জালিয়াতি ও দুর্নীতির তথ্য প্রকাশে তদন্ত চালানো হবে।

এদিকে ইউক্রেনের সামরিক প্রতিরক্ষায় ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবার গতি কমানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়েও প্রশাসনের কাছে জবাব চাইছেন ডেমোক্র্যাটরা। এ বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানানো হলে স্পেসএক্সের স্যাটেলাইট ব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন বন্ধের উদ্যোগ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের এক জ্যেষ্ঠ ডেমোক্র্যাট।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের ফলে কংগ্রেসের তদন্তক্ষমতা ও নির্বাহী বিভাগের গোপনীয়তার অধিকারের মধ্যে বিরোধ আরও বাড়তে পারে। এক্সিকিউটিভ প্রিভিলেজের আওতা কতটুকু এবং ঠিকাদারদের ক্ষেত্রে এ নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়ে ভবিষ্যতে আইনি বিতর্ক তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here