শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

আরও পড়ুন

গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্রুত ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ৫৩টি দেশ ও সংস্থা। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গাজার বাসিন্দাদের আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদও দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে তুরস্কসহ ৫৩টি দেশ ও সংস্থা অংশ নিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর পক্ষে বিবৃতিটি পাঠ করেন।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবে অনুমোদিত বিস্তৃত শান্তি পরিকল্পনায় ২০২৫ সালের ১৯ জানুয়ারিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম নয়—এমন মাত্রায় অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশের কথা বলা হয়েছে। তবে এখনো সেই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

ম্যাকিনটোশ জানান, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাজনৈতিক সদিচ্ছা থাকলে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি সম্ভব হয়েছে। তবে শীত শুরু হওয়ায় বহু ফিলিস্তিনি এখনো পর্যাপ্ত আশ্রয় থেকে বঞ্চিত। ফলে তাঁরা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

ইসরায়েলের নির্বাচনের পর গঠিতব্য নতুন সরকারের প্রতি গাজাজুড়ে সব স্থলপথ ও প্রবেশপথ দিয়ে দ্রুত এবং নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য রোগীদের পাঠানোর ব্যবস্থা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং গাজায় জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিনিধি ও সাংবাদিকদের প্রবেশের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতিতে অংশ নেওয়া দেশ ও সংস্থাগুলো গাজায় শীতকালীন জরুরি প্রস্তুতি জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আশ্রয়, বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here