সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

ঢাকার পর এবার ইসলামাবাদে চালু হচ্ছে নারীদের জন্য পিংক বাস

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের জন্য বিশেষ পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা করেছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী তিন মাসের মধ্যে এই সেবা চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। বাসগুলো চীন থেকে আমদানির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বাস সংগ্রহের দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)।

এর আগে ইসলামাবাদের বিদ্যমান বৈদ্যুতিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহের ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। এবার নারীদের জন্য পৃথক পরিবহন সেবা চালুর ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এসব বাসে যাত্রীদের সাড়া ইতিবাচক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে ব্যস্ত সময়ে বাসে আসন পাওয়া নিয়ে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিশেষ করে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে যাতায়াতের সময় গণপরিবহনে অতিরিক্ত ভিড়ের কারণে নারীদের নানা সমস্যায় পড়তে হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর পরিকল্পনা করেছে সিডিএ।

সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে একটি সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের অনুমোদন পাওয়ার পর বাস আমদানির বিষয়ে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইসলামাবাদে বর্তমানে চালু থাকা বৈদ্যুতিক বাসগুলোর রুটেই নতুন পিংক বাস পরিচালনা করা হতে পারে। তবে যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে পরবর্তী সময়ে নতুন রুট যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, যত দ্রুত সম্ভব পিংক বাস সার্ভিস চালু করতে চায় কর্তৃপক্ষ। সব প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে নারীদের জন্য বিশেষ এই পরিবহন সেবা চালু হতে পারে।

এদিকে, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের ১৮ আগস্ট বাংলাদেশেও নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

ঢাকায় চালু হওয়া এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হলো। তবে ইসলামাবাদের পিংক বাস সার্ভিস চালুর জন্য এখনো বোর্ডের অনুমোদন ও বাস সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here