বিপদের মুহূর্তে স্ত্রীকে পাশে না রেখে নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। একটি রেস্তোরাঁয় ভূমিকম্পের সময় ঘটে যাওয়া এমন ঘটনায় স্বামীর প্রতি আস্থা হারান স্ত্রী। শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতাসহ সম্পর্কের নানা ঘটনার কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভান অ্যালেক্সিস অলিভার নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের পেছনের ঘটনা তুলে ধরেছেন। তাঁর প্রকাশিত ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অলিভার জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রেস্তোরাঁয় উপস্থিত ব্যক্তিরা নিজেদের নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজতে থাকেন। কেউ টেবিলের নিচে, আবার কেউ দরজার পাশে অবস্থান নেন।
কিন্তু ওই সময় অলিভারের স্বামী তাঁকে কিছু না জানিয়েই টেবিল ছেড়ে রেস্তোরাঁর অন্য প্রান্তে দৌড়ে চলে যান। সেখানে একটি দরজার পাশে আশ্রয় নেন তিনি। স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান অলিভার।
সৌভাগ্যক্রমে ভূমিকম্পে কেউ আহত হননি। তবে স্বামীর আচরণ নজর এড়ায়নি রেস্তোরাঁর এক কর্মীরও। ভূমিকম্প থামার পর ওই কর্মী অলিভারের কাছে এসে তাঁর খোঁজখবর নেন। একপর্যায়ে স্ত্রীকে একা ফেলে স্বামীর চলে যাওয়ার ঘটনাটিকে অদ্ভুত বলেও মন্তব্য করেন তিনি।
অলিভারের ভাষ্য, ঘটনাটি তাঁকে ভীষণ বিব্রত করেছিল। একই সঙ্গে স্বামীর কাছে নিজের নিরাপত্তা ও গুরুত্ব কতটা, তা নিয়েও তাঁর মনে প্রশ্ন তৈরি হয়।
তিনি বলেন, ‘ঘটনাটি সত্যিই খুব অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প হচ্ছে আর তুমি দৌড়ে পালিয়ে গেলে, আমি যেন তোমার কাছে একেবারেই গুরুত্বহীন! ব্যাপারটা অবিশ্বাস্য।’
অলিভারের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১৩ লাখ বার দেখা হয়েছিল। এতে দুই লাখের বেশি লাইক পড়ে এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা হয়।
মন্তব্যে অনেকে নিজেদের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। একজন জানান, একবার বিয়ের অনুষ্ঠানে তাঁর পার্স হারিয়ে গেলে স্বামী সেটি খুঁজে দেওয়ার পরিবর্তে বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে রসিকতা করেছিলেন। আরেক নারী জানান, তাঁদের বাড়িতে কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রের সতর্কসংকেত বেজে উঠলে তাঁর সাবেক স্বামী তাঁকে পেছনে ফেলে একাই বাইরে চলে যান।
অনেকে অলিভারের অভিজ্ঞতার সঙ্গে ২০১৪ সালে মুক্তি পাওয়া সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মেজর’-এর গল্পের মিল খুঁজে পেয়েছেন। ওই চলচ্চিত্রে তুষারধসের সময় স্ত্রী ও সন্তানদের বিপদের মুখে ফেলে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যান এক ব্যক্তি। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য সম্পর্কে সংকট তৈরি হয়।
অলিভার জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পেছনে আরও কয়েকটি ঘটনা ছিল। তবে ভূমিকম্পের সময় স্বামীর এমন আচরণ তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হয়ে ওঠে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট




