রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র হামলাকারীরা। এতে এক মা ও তাঁর ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহত অন্য দুজন সম্পর্কে জানা গেছে, তাঁরা ভাই-বোন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এ হামলার ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। একটি মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ। পথে সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই সেখানে পৌঁছায় মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়। একই সঙ্গে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মাত্র এক দিন আগে উখরুলের কাছাকাছি কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এর পর থেকে রাজ্যটিতে বিভিন্ন সময়ে সহিংসতা, প্রাণহানি ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়িতে নতুন এই হামলায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়েও উদ্বেগ বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here