বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

আরও পড়ুন

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লিং স্বেন্দসেনের ভারতীয় ভিসা বাতিলের অভিযোগ উঠেছে। হায়দরাবাদে ‘ভারত সামিট’ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে অসলোর ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করে ভ্রমণ না করার কথা জানানো হয়। সাংবাদিকের দাবি, বৈধ ভিসা ও প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র থাকার পরও শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তেলেঙ্গানা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ভারত সামিটে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’ বিষয়ে একটি প্যানেলে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন হেল লিং। সম্মেলনে অংশ নিতে তাঁর বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসা ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ছাড়পত্রও পেয়েছিলেন তিনি।

অসলোর বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতির সময় ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে বলে জানান এই সাংবাদিক। তাঁকে বলা হয়, ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি ভারতে যেতে পারবেন না। পরে ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসে সশরীরে উপস্থিত হওয়ার কথাও বলা হয়।

দ্য ওয়্যারকে দেওয়া বক্তব্যে হেল লিং এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেন। তাঁর প্রশ্ন, কয়েক দিনের একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও এ বিষয়ে জানতে চেয়েছে দ্য ওয়্যার।

ভিসা বাতিলের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন হেল লিং। তাঁর ধারণা, চলতি বছরের মে মাসে নরওয়ের রাজধানী অসলোর একটি যৌথ সংবাদ ব্রিফিংয়ে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।

ওই সময় নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ বক্তব্য দেওয়ার পর মোদি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন সাংবাদিক হেল লিং তাঁকে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে তিনি কেন কোনো প্রশ্ন নিচ্ছেন না। তবে মোদি ওই প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান।

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গেও সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে প্রশ্নোত্তর হয় হেল লিংয়ের। ভারত সরকারের সমালোচনা করে নরওয়ের সংবাদমাধ্যমে মতামতধর্মী লেখাও প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া ভারতের দুই শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়েও প্রশ্ন তোলার কথা উল্লেখ করেছেন এই সাংবাদিক।

হেল লিংয়ের দাবি, এসব সমালোচনা ও প্রশ্নের কারণে তাঁর ভিসা বাতিল হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। ভারত সরকারও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অসলোভিত্তিক সংবাদপত্র ড্যাগসাভিসেনে কাজ করেন হেল লিং। ভারত সফরটি হওয়ার কথা ছিল তাঁর প্রথম সফর। ভিসা বাতিলের খবর প্রকাশ্যে আসার পর সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকেও তাঁর অংশ নিতে না পারার বিষয়টি জানানো হয়েছে।

সূত্র: দ্য ওয়্যার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here