সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.2 C
Dhaka

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠিতে যা লিখেছেন ব্রিটিশ আইনজীবী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন পাওলস কেসি (কিংস কাউন্সেল)। চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান স্টিভেন পাওলস। চিঠিতে তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন।

চিঠিতে স্টিভেন পাওলস উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি।

আইনজীবী তাঁর আবেদনের পক্ষে বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন প্রযোজ্য সনদের আওতায় থাকা বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, এসব আইনি বিধানের ভিত্তিতেই শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন জানানো হয়েছে।

চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য কী কী আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে এবং কোন কোন নথিপত্র জমা দিতে হবে, সে বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পরামর্শ চেয়েছেন স্টিভেন পাওলস।

চিঠির শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, আবেদনটি যথাসময়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশন কী সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here