বিশ্বকাপে না থেকেও টাকা পাবেন সোমালিয়ান সেই রেফারি ওমর আব্দুল্লাহ আর্টান। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি তিনি।
ওমর বিশ্বকাপের ম্যাচের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাকে নিজ দেশ সোমালিয়া ফেরত পাঠানো হয়। চুক্তি অনুযায়ী পুরো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরকে বিশ্বকাপের রেফারি হিসাবে নির্বাচিত করেছিল ফিফা। আফ্রিকার সেরা রেফারির সম্মান পেয়েছেন তিনি। এই বিশ্বকাপ তার কাছে গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু আমেরিকার অভিবাসন নীতির কারণে তিনি ঢুকতে পারেননি। এতে তার কোনও দোষ নেই। ফলে বিশ্বকাপে অংশ না নিলেও বেতন পাবেন তিনি। তাকে সম্মান জানাতে চায় ফিফা। বিশ্বকাপ শেষ হয়ে গেলেই চুক্তি অনুযায়ী পুরো টাকা পেয়ে যাবেন ওমার।
বিশ্বকাপ শুরুর আগে মায়ামিতে বিমান থেকে নামার পরেই ওমরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন নিরাপত্তারক্ষীরা। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তারপর তাকে জানানো হয়, আমেরিকায় প্রবেশ করতে পারবেন না তিনি।
তখন ওমর বলেছিলেন, আমার কাছে সব কাগজ ছিল। ভিসাও ছিল। আমি একজন রেফারি। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সেটা পূরণ হল না।
যদিও দেশের ফেরার পর বীরের সম্মান পেয়েছেন ওমর। একটি স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দিয়েছে সে দেশের সরকার।
এই ঘটনায় বিতর্কে জড়ায় ফিফার নামও। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ওমরের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। আয়োজক দেশের নিয়ম বদলের ক্ষমতা তাদের নেই।




