শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করছে সরকার। আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় এ চাল বিক্রি করা হবে। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তিন মাসের জন্য এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কিনতে পোশাকশ্রমিকদের নিজ নিজ কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে তাঁদের স্বাক্ষর নেওয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচির সুবিধা প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তর এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা এবং অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়াও চলছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত তিন মাসের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে সরকার। এর মাধ্যমে পোশাকশ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ব্যয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। সূত্র: যুগান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here