সোমবার, নভেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন, পাবেন জানুয়ারি থেকে

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেখানে বোর্ডের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছেন।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, উৎপাদন সচল রাখা জরুরি। শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বাড়তি বেতনের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

তবে নতুন মজুরি কাঠামোয় পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন কত হবে, কত টাকা বা শতাংশ বাড়ানো হবে, সে বিষয়ে বৈঠক শেষে নির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। আগামী সপ্তাহের বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা পড়ার পর এ বিষয়ে আলোচনা এগোবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি এবং শিল্পকারখানায় চলমান অস্থিরতার মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণে এই বোর্ডের কার্যক্রম শুরু হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here