রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এ নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। এ কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন। এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সীদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা কমিশনে উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন মহল। সেই দাবির পরিপ্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নতুন করে বিবেচনা করছে কমিশন।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে শিশুদের পরিচয়পত্র দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে নিবন্ধনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য যাচাই এবং পরিচয়পত্র প্রদানের সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

শিশুদের এনআইডি নিবন্ধনের বিষয়ে কর্মশালার সুপারিশ পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। ফলে প্রাথমিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাটি এখনো প্রস্তাব ও পর্যালোচনার পর্যায়েই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here