রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা

সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ কার্যক্রমে তথ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার জারি করা এক চিঠিতে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকদের এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ শেষ করার কথা বলা হয়েছে। কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত খানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চালু রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর শনাক্ত তালিকা কেন্দ্রীয় সার্ভার থেকে সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড, হাটবাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগীদের নির্বাচন ও যাচাই করতে হবে।

প্রাথমিক তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। গণশুনানিতে তালিকা প্রকাশ বা উপকারভোগী নির্বাচন নিয়ে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করবে। যোগ্য কোনো পরিবার বাদ পড়েছে কি না, সে অভিযোগ গ্রহণের ব্যবস্থাও রাখতে হবে।

আপত্তি ও অভিযোগ যাচাইয়ের পর ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। সংশ্লিষ্ট সমন্বয়কারী কর্মকর্তা সুপারিশ যাচাই করে কমিটির সভায় উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণের পাশাপাশি নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

অনুমোদিত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করে দিতে হবে, যাতে পরে কোনো পরিবর্তন করা না যায়। এ ছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়েও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here