সোমবার, নভেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজপথে থেকেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা সূত্র জানায়, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত খবরের সত্যতা যাচাই করা হয়নি বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি, যথাযথতা এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পাসপোর্ট, নাগরিকত্ব ও এনআইডি আইন পর্যালোচনা করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠিয়েছে।

সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন। পাশাপাশি স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান নিজে কোনো বক্তব্য দিয়েছেন—এমন তথ্য সভা সূত্রে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সোমবার তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে অনুরোধ পাঠানোর খবর প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here