ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এর ৬৪ কিলোমিটার হবে উড়ালপথ এবং বাকি অংশ নির্মাণ করা হবে ভূমিতে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের নির্মাণ কাঠামো ও অর্থায়ন পদ্ধতি চূড়ান্ত করে দ্রুত কাজ শুরুর লক্ষ্য রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এক্সপ্রেসওয়ের কতটুকু অংশ উড়ালপথে এবং কতটুকু ভূমিতে নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর। চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানীর সংযোগকারী এ পথে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ এ পথ দিয়ে পরিচালিত হয়। এ কারণে মহাসড়কটিকে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়।
তবে মহাসড়কটির বর্তমান সক্ষমতার সীমাবদ্ধতা, বিভিন্ন ধরনের যানবাহনের একসঙ্গে চলাচল এবং নিয়মিত যানজটের কারণে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এসব সমস্যা কমিয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রধান শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং তৈরি পোশাকশিল্পের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এতে পণ্য পরিবহন, শিল্প উৎপাদন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। এ ছাড়া এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা সহজ করার পরিকল্পনাও রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত সড়ক নির্মাণের পরিকল্পনা প্রথম নেওয়া হয়েছিল ২০০৪ সালে। ২০০৮ সালে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আগ্রহ দেখায়। পরে ২০১৩ সালের মার্চে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় এবং পরের মাসে পরামর্শক নিয়োগ করা হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন সরকারও এ বিষয়ে সম্মতি দেয়।
একই বছর এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সমঝোতা স্মারক সই করে। তবে গুরুত্বপূর্ণ মহাসড়কটি চীনা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা নিয়ে সরকারের ভেতরে বিরোধিতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাতিল করে দেয়।
পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আবারও পরামর্শক নিয়োগ দেওয়া হয়। নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নের কার্যক্রম নতুন করে শুরু হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে সওজ অধিদপ্তর। প্রাথমিক পরিকল্পনায় ২০২৭ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পের অনুমোদন ও অর্থায়ন কাঠামো চূড়ান্ত হওয়ার ওপর কাজ শুরুর বিষয়টি নির্ভর করছে।
কর্মকর্তারা জানান, প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়ন পাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রস্তাবিত নকশায় নির্মাণের তিনটি বিকল্প রয়েছে। এর মধ্যে একটি হলো পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণ করা। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি ভূমিতে সড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে।
প্রাথমিকভাবে দ্বিতীয় বিকল্পটি বাছাই করা হয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী, প্রায় ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের ৬৪ কিলোমিটার হবে উড়ালপথ এবং বাকি প্রায় ১৬৯ কিলোমিটার নির্মাণ করা হবে ভূমিতে। এ বিকল্পে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। ২০ বছরের পরিচালন ব্যয়সহ মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
ব্যয়ের প্রস্তাবে সড়ক নির্মাণে ২৪ হাজার ৭০০ কোটি এবং বিভিন্ন উড়াল কাঠামো ও ভিত্তি নির্মাণে ৩৫ হাজার কোটি টাকা রাখা হয়েছে। এ ছাড়া ৩৫৮ দশমিক ৪০ একর জমি অধিগ্রহণে প্রায় ৩ হাজার ৫৯১ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। টোল প্লাজা নির্মাণে ১২৬ কোটি, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্থাপনে ১ হাজার কোটি এবং ইউটিলিটি স্থানান্তর ও পুনর্বাসনে আরও ১ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথ এবং বাকি ১৩৮ কিলোমিটার ভূমিতে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণ ও পরিচালন ব্যয় মিলিয়ে মোট খরচ ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি হতে পারে। তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে শুধু নির্মাণেই প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা ব্যয় হবে। পরিচালন ব্যয়সহ মোট খরচ দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।
পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে উন্নীত করে যানবাহনের চাপ বিবেচনায় বিভিন্ন অংশে আলাদা লেন রাখা হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরো অংশ ১০ লেনের উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। বাকি অংশে থাকবে ছয় লেনের মূল মহাসড়ক। পাশাপাশি স্থানীয় যানবাহনের চলাচলের জন্য দুই পাশে আলাদা দুটি লেন রাখার পরিকল্পনা করা হয়েছে।
দূরপাল্লার ও স্থানীয় যানবাহনের চলাচল আলাদা রাখতে নির্ধারিত স্থান ছাড়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ বা বের হওয়ার সুযোগ থাকবে না। এ জন্য গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনে সাতটি সিস্টেম ইন্টারচেঞ্জ, ছোট সড়ক থেকে ওঠানামার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ এবং স্থানীয় যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া রেল চলাচলের সময় সড়কে যানবাহন আটকে থাকা এড়াতে চারটি রেলক্রসিংয়ে উড়ালপথ বা সেতু এবং বিভিন্ন স্থানে আরও নয়টি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সওজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রতিদিন ৫৫ হাজার থেকে ৭২ হাজার যানবাহন চলাচল করত। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত চলাচল করত ৪৫ হাজার থেকে ৫৫ হাজার যানবাহন। আর সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত দৈনিক যানবাহনের সংখ্যা ছিল ৩৮ হাজার থেকে ৪৫ হাজার।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার ও আউটার রিং রোডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম প্রান্তে আউটার রিং রোড, কর্ণফুলী টানেলসহ বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এতে চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে। এ জন্য চারটি প্রধান এবং ১০০টি স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান টোল প্লাজার একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং অন্যটি চট্টগ্রামের সলিমপুরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি প্রধান প্লাজায় ১০টি এবং স্যাটেলাইট প্লাজায় দুটি করে টোল আদায়ের গেট থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থাও রাখার প্রস্তাব রয়েছে।
অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, নির্মাণ ব্যয়ের বড় অংশ বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মোট নির্মাণ ব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে। ৬৪ কিলোমিটার উড়ালপথ নির্মাণের হিসাব ধরে সরকারের প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা জোগান দেওয়ার প্রয়োজন হতে পারে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনায় নেওয়া হয়েছে। সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০ বছরে টোল থেকে প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয় হতে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল হক মনে করেন, শুধু মহাসড়কের লেন বাড়িয়ে যানজটের সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। বাসসকে তিনি বলেন, ছয়, আট কিংবা ১০ লেনে সড়ক সম্প্রসারণ করা হলেও এ করিডোরে যানজট থেকে যেতে পারে। সাম্প্রতিক সময়ে রক্ষণাবেক্ষণ ও বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির পাশাপাশি যাত্রীদের ফ্লাইট ধরতে সমস্যা হয়েছে এবং রোগী পরিবহনও ব্যাহত হয়েছে।
তাঁর মতে, শুধু লেনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে সড়কের গতি, সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি। এ জন্য ঢাকা-চট্টগ্রাম করিডোরে সম্পূর্ণ উড়ালপথে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দিয়েছেন তিনি। পিপিপি পদ্ধতিতে নির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি থাকায় সড়কের মান বজায় রাখা সহজ হতে পারে বলেও মত দেন এই বিশেষজ্ঞ।
অন্যদিকে, সওজের প্রকৌশলীরা জানিয়েছেন, প্রকল্পের অর্থায়ন কাঠামো ও নির্মাণ পদ্ধতি নিয়ে এখনো পর্যালোচনা চলছে। উড়ালপথ ও ভূমিতে নির্মাণের অংশের পরিমাণ চূড়ান্ত করার পাশাপাশি অর্থায়নের বিভিন্ন মডেল বিবেচনা করা হচ্ছে। প্রচলিত ঋণের সুদ ও অন্যান্য ব্যয় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়নের শর্ত পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রকল্পের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত বাসসকে জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদও জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এর কতটুকু অংশ উড়ালপথে এবং কতটুকু ভূমিতে নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ৭০ শতাংশ উড়ালপথে এবং ৩০ শতাংশ ভূমিতে নির্মাণ করা হবে কি না, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্পের দুই থেকে তিনটি প্রস্তাবনা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।




