মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

শিক্ষকদের বদলি ও ম্যানেজিং কমিটি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন এক বিভাগ থেকে অন্য বিভাগে শিক্ষকদের বদলির দায়িত্ব মন্ত্রণালয়ের হাতে থাকবে। পাশাপাশি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে বিএ পাসের বাধ্যবাধকতা শিথিলের সুযোগও রাখছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এখন শুধু এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হবে।

এদিকে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতার শর্ত শিথিলের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে বিএ পাস না থাকলেও এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা বিবেচনা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা দেশে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। এরপর শিক্ষানুরাগী ব্যক্তিদের জন্য বিএ পাসের বাধ্যবাধকতা থাকবে কি না, তা বিবেচনার সুযোগ রাখা হয়েছে। কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে তিনি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। সেই আবেদন বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থাৎ, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে বিএ পাস না থাকলেও প্রকৃত শিক্ষানুরাগীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদন করলেই সভাপতি হওয়ার সুযোগ নিশ্চিত হবে না; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here