রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান আটক

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাঁকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে সে সময় বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল সোবহান চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here