শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
29 C
Dhaka

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, আসতে পারে বড় সিদ্ধান্ত

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন পোশাক কারখানার মালিকরা। সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মবিরতি ও কাজে যোগ না দেওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানা বন্ধ রাখার বিষয়ে আলোচনা করছেন তাঁরা। শনিবারের (১৪ নভেম্বর) বৈঠক শেষে এ বিষয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে।

শনিবার বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, এতে প্রায় ২০০টি পোশাক কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা টানা কয়েক দিন ধরে কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ তাঁদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে সাভারের ৫০টি পোশাক কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানার কার্যক্রম বন্ধ থাকায় তৈরি পোশাক খাতের উৎপাদন পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মালিকদের সিদ্ধান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here