ছবি: এক্স থেকে নেওয়া
মঙ্গল গ্রহে একটি নতুন গর্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই গর্ত ভূগর্ভস্থ গুহাগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারে। ফলে এটি মঙ্গলে বসবাসের সম্ভাবনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলের ওই রহস্যময় গর্তটির ছবি নাসার মার্স রিকনেসেন্স অরবিটারে ধরা পড়েছে। গর্তটির ছবি বিশ্লেষণ করেছেন আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
এক ব্লগ পোস্টে গবেষকেরা বলেন, ‘গর্তগুলো ভূতাত্ত্বিকভাবে সাম্প্রতিক টেকটোনিক বা আগ্নেয়গিরিকে প্রতিফলিত করতে পারে। এমন গর্ত বা গুহা ভবিষ্যতের রোবোটিক অনুসন্ধান পরিচালনার বিষয় হতে পারে।’
এদিকে সম্প্রতি মঙ্গল গ্রহে একটি বিশাল আকারের আগ্নেয়গিরির সন্ধান পান বিজ্ঞানীরা। টেক্সাস অঙ্গরাজ্যের ‘উডল্যান্ডস’ এলাকায় আয়োজিত ৫৫তম লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্সে এই চমকপ্রদ অনুসন্ধানটি তুলে ধরা হয়। এতে দেখা যায়, মঙ্গল গ্রহের নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত আগ্নেয়গিরি অঞ্চল থারসিসের পূর্বাংশে একটি বিশাল আগ্নেয়গিরির পাশাপাশি একটি লুকানো হামবাহ থাকার সম্ভাবনাও দেখা দিয়েছে।
অনুসন্ধানটি বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে মঙ্গলের ভূতাত্ত্বিক বিবর্তন ও এতে প্রাণের সন্ধান নিয়ে গবেষণার পাশাপাশি ভবিষ্যতে রোবোটিক বা মানব মিশন পরিচালনার সুযোগ পেতে পারেন বিজ্ঞানীরা।




