মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

ইবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ‘অ্যাকাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ স্লোগান সামনে রেখে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি।

সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা হিসাববিজ্ঞানের গুরুত্ব, পেশাগত সচেতনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পরে বিভাগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানূর রহমান, সহযোগী অধ্যাপক নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দীন, সহকারী অধ্যাপক ইসরাত জাহানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু সিনা বলেন, একজন হিসাববিদের শুধু সংখ্যাগত দক্ষতা থাকলেই চলবে না; সত্যতা, স্বচ্ছতা ও নৈতিক দায়িত্ববোধের প্রতিও অঙ্গীকারবদ্ধ হতে হবে। আর্থিক প্রতিবেদন তৈরিতে তথ্য গোপন, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা অনৈতিক চর্চার সুযোগ থাকা উচিত নয়। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন নিশ্চিত করা জরুরি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, হিসাববিজ্ঞান ব্যবসার ভাষা। আর্থিক প্রতিবেদন তৈরির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্বচ্ছতা, আস্থা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য হিসাববিজ্ঞানের তথ্য ছাড়া কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থার পক্ষে টেকসই উন্নয়ন অর্জন কঠিন।

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা, লাভজনকতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে চান। নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন এসব তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে প্রথমবার দিবসটি উদযাপন করা হয়। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহিত করা এবং তরুণদের এ পেশায় আগ্রহী করে তোলার লক্ষ্যে বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here