শনিবার, নভেম্বর ২১, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

এসএসসির ফল নিয়ে বড় জালিয়াতি, শেষ রক্ষা হলো না তিনজনের

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার ও স্ক্যানিং বিভাগের দুই কর্মী। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ওসি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

এর আগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। তবে অভিযোগপত্রে বিভিন্ন অসংগতি থাকায় আদালত সেটি গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্ত নিয়েও প্রশ্ন থেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here