বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে থাকা পর্যটকদের পাশাপাশি আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেকে হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন।

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কক্সবাজারে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পর্যটন মৌসুমে বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here