বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মোংলায় ৩ নম্বর সংকেত, উপকূলে বৃষ্টি; সতর্ক প্রশাসন

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে উপকূলীয় জনপদ বাগেরহাটের মোংলা। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। বৃহস্পতিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। সতর্ক করা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের। সুন্দরবনের পর্যটন কেন্দ্র ও বন্যপ্রাণীর নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মোংলা উপজেলা (ভারপ্রাপ্ত)কর্মকর্তা এসিল্যান্ড অর্পিতা হালদার জানান,ঘূর্ণিঝড় মোকাবিলায় বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, বৃষ্টির কারণে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার পর্যটকদের উপস্থিতি ছিল না। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বন্যপ্রাণীর নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজ, নৌযান চলাচল ও পণ্য ওঠানামার কার্যক্রমের নিরাপত্তায় সতর্কতা অবলম্বন করছে বন্দর কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নির্ভর করছে উপকূলীয় এলাকার পরবর্তী পরিস্থিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here