শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
27 C
Dhaka

আরও পড়ুন

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

কুষ্টিয়া শহরের একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক আবির হাসান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নুরুল ইসলাম।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে শিশুটিকে ওই মাদরাসায় ভর্তি করা হয়। প্রথম দুই মাস সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। বাড়িতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে উঠলেও মাদরাসায় পাঠানোর পর আবার অসুস্থ হয়ে যেত। একপর্যায়ে সে মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়।

পরিবারের অভিযোগ, মাদরাসায় থাকাকালে শিশুটির বমি, বমির সঙ্গে রক্ত বের হওয়া এবং পেটব্যথার মতো উপসর্গ দেখা দিত। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে শিশুটির মাকে মাদরাসায় ডেকে নেওয়া হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক শিশুটিকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন তার মা।

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের অভিযোগ জানতে পেরে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মাদরাসায় গিয়ে শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাঁকে মারধর করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিশুটির মা জানান, ভয়ের কারণে প্রথমে সন্তান নির্যাতনের বিষয়টি কাউকে জানাতে পারেনি। সম্প্রতি গ্রামের বাড়িতে নেওয়ার পর দাদির কাছে নির্যাতনের কথা খুলে বলে শিশুটি। পরীক্ষার ছুটি হলেও তাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি বলেও জানায় সে।

তিনি বলেন, সন্তানকে পড়ালেখা শেখানোর আশায় মাদরাসায় পাঠিয়েছিলেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনো কল্পনা করেননি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষককে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: আরটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here