সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31 C
Dhaka

আরও পড়ুন

ছাত্র হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে ছয় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তিনি। ছয় শিক্ষার্থীর মৃত্যুতে আজ বুধবার এক শোক বিবৃতিতে জি এম কাদের এ দাবি জানান।

ছাত্র আন্দোলনে নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে জি এম কাদের বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের দাবি যৌক্তিক। তাদের এ যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

বিবৃতিতে জি এম কাদের বলেন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ অহিংস প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল। তাকে ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। এই নির্মম হত্যাযজ্ঞের ভিডিও বিশ্ববাসী দেখেছে। গণমাধ্যমে এসেছে, পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র বের করে সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করেছে। কিন্তু অবৈধ অস্ত্রধারীদের বাধা দেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি। রাতের আঁধারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরীহ ছাত্রীরাও রেহাই পায়নি নরপশুদের নির্যাতন থেকে।

জি এম কাদের বলেন, ‘শ্রীলঙ্কায় কিছুদিন আগে ব্যাপক আন্দোলন হয়েছে। সেখানে কোনো মায়ের কোল খালি হয়েছে বলে শুনিনি। আইনের শাসন এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুঃখজনক হলেও সত্য, দেশে অন্যায়, অবিচার ও অত্যাচারভিত্তিক সমাজব্যবস্থা চালু হয়েছে। দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here