প্রতীকী ছবি
পুঁজিবাজারে বিদায়ি সপ্তাহে প্রধান সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে মোট বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৭ কোটি ৪০ লাখ টাকায়।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩১৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২০.৮৭ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে এক হাজার ৯৮৬ পয়েন্টে, ডিএসই শরিয়া সূচক ১.৬১ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৫.৩৮ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৯ পয়েন্টে।
বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৮০৯ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ৮৬৮ কোটি ৯৭ লাখ টাকা।
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে দুই হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ২৯ কোটি ছয় লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকা।
বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি কম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, দর কমেছে ২০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর লেনদেন হয়নি ২৯টির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬১ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮০ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.৩৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৪০৭ পয়েন্টে, সিএসসিএক্স ০.৩২ শতাংশ বেড়ে ৯ হাজার ৫২ পয়েন্টে, সিএসআই সূচক ০.২২ শতাংশ বেড়ে ৯৫৬ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১.২৪ শতাংশ কমে দুই হাজার ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৯ হাজার ৫৮৫ লাখ কোটি ৪৮ লাখ টাকা।
বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল সাত লাখ ৬ হাজার ৩৬৭ কোটি পাঁচ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে তিন হাজার ২১৮ কোটি ৪৩ লাখ টাকা।
বিদায়ি সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮৬ লাখ টাকা। আর বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৯৭ লাখ টাকা।




