সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31.2 C
Dhaka

আরও পড়ুন

চাকরির বাজারে গ্র্যাজুয়েটদের এগিয়ে নিতে ইউজিসির পাঁচ বছরের পরিকল্পনায় যা থাকছে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে তুলতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তিন থেকে ছয় মাসের এ ইন্টার্নশিপে শিক্ষার্থীরা মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। পাশাপাশি প্রাথমিকভাবে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং দুই হাজার শিক্ষককে পিএইচডি অর্জনের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থী বাড়লেও চাকরির বাজারের চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েটদের দক্ষতা তৈরি করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক তরুণ প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। আন্তর্জাতিক শ্রমবাজারেও তাঁদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।

এ ঘাটতি কাটাতে পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। পর্যায়ক্রমে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক দপ্তর ও সংশ্লিষ্ট কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে কমিশন।

ইন্টার্নশিপ কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন থেকে ছয় মাস বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। এ সময় তাঁদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাতার অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। এ কর্মসূচি পরিচালনার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।

শিক্ষকদের দক্ষতা ও গবেষণার সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী পাঁচ বছরে দুই হাজার শিক্ষককে পিএইচডি অর্জনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইউজিসি। এ ছাড়া বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের দেশে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত করতে এক বছরের ফেলোশিপসহ একাডেমিক ক্যারিয়ার প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

গবেষণায় বাস্তব সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে অর্থায়নের নীতিমালা তৈরির কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। বিদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম সম্প্রসারণে টিউশন ফির ক্ষেত্রেও কমিশনের সহায়তার পরিকল্পনা রয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে সমন্বয় বাড়াতে শিগগিরই সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। গ্র্যাজুয়েটদের ডিগ্রির মান ও বেকারত্ব নিয়ে যে হতাশা রয়েছে, তা দূর করতে ইউজিসি সহযোগিতা করবে। সভা-সেমিনার আয়োজন এবং এসব কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগেও কমিশন সহায়তা দেবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান শিল্পপ্রতিষ্ঠানের গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর গবেষণার অর্থ প্রতিযোগিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া যেতে পারে। এতে শিল্প খাতের সমস্যা সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সক্ষমতাও বাড়বে।

সভায় অংশ নেওয়া উপাচার্যরা অভিন্ন গ্রেডিং পদ্ধতি ও সেমিস্টার পরিচালনার নির্দেশিকা প্রণয়ন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদারে ইউজিসির সহযোগিতা চান। এ ছাড়া কর্মবাজারের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু এবং শিক্ষকসংকট দূর করতে শূন্য পদে নিয়োগের প্রস্তাবও দেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here