দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ১০ নভেম্বর ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে ৯ নভেম্বর সকাল ৮টা থেকে ১০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৮৭ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৪ জন, চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১৬৫ জন, ময়মনসিংহে ১০৭ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
নতুন করে নিশ্চিত হওয়া ৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ১০ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন। অন্য পাঁচ বিভাগে এ সময়ে নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকায় একজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে তিনজন রয়েছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু হয়নি।
১৫ মার্চ ২০২৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ হাজার ৬১০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্যও প্রকাশ করা হয়েছে। জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় বিভাগীয় হিসাবে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ২৩৭ জনকে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২০ দশমিক ৮ শতাংশ।
সিটি করপোরেশন এলাকায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন। এর বিপরীতে টিকা পেয়েছেন ২২ লাখ ৭৪ হাজার ২৬৮ জন। এ ক্ষেত্রে টিকাদানের হার ১১৯ দশমিক ৩ শতাংশ।




